RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

চল্লিশের পর জয়েন্টের ব্যথা, করণীয় কী জানালেন বিশেষজ্ঞ

বয়স বাড়ার সঙ্গে জয়েন্টের ব্যথা কেন বাড়ে এবং এই সমস্যা থেকে দূরে থাকতে কী করা উচিত, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এক বিশেষজ্ঞ।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটু ও কোমরে ব্যথার সমস্যা অনেকেরই দেখা দেয়। কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন ডা. মৃণালকান্তি সাহা হাড় ও জয়েন্টের বিভিন্ন সমস্যার কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

বিশেষজ্ঞের মতে, বয়স বৃদ্ধির সঙ্গে পুরুষ ও মহিলা উভয়েরই জয়েন্টের ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। বয়সের সঙ্গে হাড়ের ঘনত্ব এবং পেশির কার্যক্ষমতা হ্রাস পায়। শারীরিক নিষ্ক্রিয়তা জয়েন্টের নমনীয়তা কমিয়ে দেয়। পাশাপাশি ভিটামিন ডি এবং হরমোনের পরিবর্তনও এর জন্য দায়ী।

মহিলাদের ক্ষেত্রে চল্লিশের পর অস্টিওপোরোসিসের আশঙ্কা বাড়ে। মেনোপজের পর শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়, যা হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করত। ইস্ট্রোজেনের ঘাটতি হাড়ের ঘনত্ব দ্রুত কমিয়ে দেয়। এছাড়া শহরাঞ্চলে দীর্ঘক্ষণ বসে কাজ করার অভ্যাস পেশির দুর্বলতা বাড়িয়ে তোলে।

অতিরিক্ত পরিশ্রমের ফলে পেশিতে যে ক্লান্তি আসে, তা সাধারণ বিশ্রামে দূর হয়। কিন্তু জয়েন্টে স্থায়ী প্রদাহ বা তীব্র ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। জয়েন্ট ফুলে গেলে বা লাল হলে বিশ্রাম নেওয়া প্রয়োজন। তবে ক্রনিক ব্যথার ক্ষেত্রে নিয়মিত হাঁটা, সাঁতার কাটা বা সাইক্লিংয়ের মতো হালকা ব্যায়াম উপকারী হতে পারে। তীব্র প্রদাহের সময় গরম সেঁক বা জোরালো মালিশ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

প্রাথমিক পর্যায়ে ওষুধ ও ফিজিওথেরাপির মাধ্যমে জয়েন্টের সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। হাড় ও জয়েন্ট সুস্থ রাখতে ছোটবেলা থেকেই সুষম আহার, ভিটামিন ডি এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার কথা বলা হয়েছে।