খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
আইপিএল শুরু হোক জানুয়ারি মাসে, ললিত মোদির প্রস্তাবে সায় জুহির
আইপিএলকে এপ্রিল-মে মাসের পরিবর্তে জানুয়ারি মাসে শুরু করার ললিত মোদির প্রস্তাবে সমর্থন জানালেন কেকেআরের সহকারী মালকিন জুহি চাওলা।
আইপিএলের সময়সূচি এগিয়ে এনে তা জানুয়ারি মাসে শুরু করার দাবি তুললেন ললিত মোদি। তাঁর সেই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী মালকিন জুহি চাওলা। বর্তমান আইপিএল মার্চ মাসের মাঝামাঝি শুরু হয়ে মে মাসের শেষ পর্যন্ত চলে। ওই সময়ে গরম ও বৃষ্টির কারণে ক্রিকেটার ও দর্শকদের সমস্যায় পড়তে হয় বলে দাবি করা হয়েছে।
ললিত মোদির মতো জুহি চাওলাও চাইছেন, আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে আইপিএলকে জোড়াতালি দিয়ে জায়গা না দিয়ে বিসিসিআইয়ের ইচ্ছেমতো টুর্নামেন্ট হোক। অন্য কোনও দেশ বা আইসিসির এ নিয়ে আপত্তির কিছু থাকা উচিত নয় বলে মত তাঁর। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই লিগ কেন এপ্রিল-মে মাসের বদলে জানুয়ারি মাসে হবে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
এদিকে পিটিআই সূত্রে খবর, বিসিসিআই ইতিমধ্যেই আইপিএলের সময় কিছুটা এগিয়ে আনার কথা ভাবছে। ২০২৭ সালের ১০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত আগামী মরশুমের আইপিএল হতে পারে। তবে ভবিষ্যতে প্রতিযোগিতা আরও এগিয়ে এনে জানুয়ারিতে করা হলে অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করা হচ্ছে।