পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
কালীপুজোয় বিশেষ সাজে নলাটেশ্বরী মন্দির, ভিড় জমিয়েছেন ভক্তরা
আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে কালীপুজো, বীরভূমের প্রাচীন নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে সেজেছেন দেবী।
আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে কালীপুজো। অশুভ শক্তির বিনাশ ও শান্তি কামনায় মেতেছে গোটা বাংলা। প্রাচীন ঐতিহ্য মেনে বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দিরেও চলছে বিশেষ পুজো। একান্ন পীঠের অন্যতম এই মন্দিরে আজ মাকে বেনারসী শাড়ি পরিয়ে সাজানো হয়েছে। মন্দিরের পুরোহিত জানিয়েছেন, এই মন্দিরে দেবীকে অতীতে দুর্গা বা পার্বতী রূপে পুজো করা হত। পরবর্তীকালে রানি ভবানীকে দেবী স্বপ্নদেশ দেওয়ার পর থেকেই এখানে কালীরূপে পুজো শুরু হয়। পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরের পুনর্নিমাণ করেছিলেন নসিপুরের মহারাজা রণজিৎ সিংহ। বিশ্বাস অনুযায়ী, এখানে সতীর কণ্ঠনালী পড়েছিল। ভোরবেলায় মঙ্গলআরতির পর থেকেই মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। পুজো দিতে সকাল থেকেই সেখানে ভিড় করেছেন বহু মানুষ। দক্ষিণেশ্বর ও তারাপীঠের পাশাপাশি রাজ্যের অন্যান্য কালীতীর্থেও চলছে পুজো পাঠ। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্য।