পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
আশীর্বাদের খবর ছড়াতেই বাড়িতে কার্তিক, বার্তা দেবাংশুর
আশীর্বাদের খবর প্রকাশ্যে আসতেই প্রাক্তন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে কার্তিক প্রতিমা রেখে যাওয়ার অভিযোগ উঠল।
বিয়ের আশীর্বাদ পর্বের খবর প্রকাশ্যে আসতেই তৃণমূলের একদা ঘনিষ্ঠ নেতা দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে কার্তিক প্রতিমা রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তিনি জানান, তাঁর বাড়িতে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
গত রবিবার সোশাল মিডিয়ায় নতুন ইনিংস শুরুর কথা জানান দেবাংশু। তিনি জানান, প্রেমিকার সঙ্গে তাঁর আশীর্বাদ পর্ব মিটেছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কার্তিক প্রতিমা এসে পৌঁছয় তাঁর বাড়িতে।
দেবাংশু সোশাল মিডিয়ায় লিখেছেন, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ হেলমেট পরা দুই ব্যক্তি বাইকে করে এসে তাঁর সদর দরজায় প্রতিমা রেখে যান। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য ধরা পড়েছে বলে তিনি জানান। তবে ওই ব্যক্তিদের চিনতে পারেননি বলে তাঁর দাবি। দেবাংশু লেখেন, পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে মাত্র, এখনও তাঁর বিয়ে হয়নি। তাই এত উত্তেজিত না হওয়ার অনুরোধ জানান তিনি। তবে প্রভু এসেছেন যখন, তাঁকে সপরিবারে সাদরে গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
শুধু দেবাংশু নন, বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীর বাড়িতেও একইভাবে কার্তিক প্রতিমা রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পালাবদলের পর থেকেই রাজনীতির ময়দানে কোণঠাসা দেবাংশু আপাতত রাজনীতি থেকে দূরে রয়েছেন। তবে তাঁর বিয়ের খবর এবং তার পরবর্তী এই ঘটনায় নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।