পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
নিজের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী, উঠল গো ব্যাক স্লোগান
নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভ ও গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে দলীয় নেতার বিরোধিতার মুখে পড়লেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। নিজের বিধানসভা এলাকাতেই তাঁকে বিক্ষোভ ও গো ব্যাক স্লোগানের সামনে পড়তে হয়। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।
বিধায়কের অভিযোগ, ঘোষপাড়া রোড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাসের ব্যবসা ও সাট্টার আড্ডা চলছে। তাঁর দাবি, এই সবের পিছনে রয়েছেন ব্যারাকপুর দুই নম্বর মণ্ডলের দলের সাধারণ সম্পাদক সঞ্জয় যাদব। এই খবর পেয়ে গত কাল বিধায়ক নিজে সেখানে পৌঁছে প্রতিবাদ জানান এবং টিটাগড় থানাকে খবর দেন। এর জেরে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।
পুলিশের কাছে খবর দেওয়ার পর ঘটনাস্থল ছাড়ার সময় ঘোষপাড়া রোডে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সঞ্জয় যাদবের অনুগামী ও নেতৃত্বেই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে বিধায়ককে নিয়ে এ ধরনের বিরোধিতার মুখে পড়ার ঘটনা এই নিয়ে দ্বিতীয় বার ঘটল।