বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
গ্রিসে বিয়ে সারলেন কাব্য ও অনিরুদ্ধ, প্রকাশ্যে এল নবদম্পতির ছবি
গ্রিসে অত্যন্ত গোপনীয়তার মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারান এবং সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রর।
বিয়ের পিঁড়িতে বসলেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান এবং জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রর। গ্রিসে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দু’দিন ধরে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। মঙ্গলবার বাগদান পর্বের পর বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হন এই নবদম্পতি। বিয়ের অনুষ্ঠান শেষে নিজেদের সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেন অনিরুদ্ধ নিজেই।
বিয়ের দিন অনিরুদ্ধ পরেছিলেন আইভরি রঙের ভেশতি ও সুতোর কাজ করা কুর্তা। অন্যদিকে কাব্য সেজেছিলেন হালকা গোলাপি রঙের লেহেঙ্গায়। গ্রিসের এই বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন অনিরুদ্ধের পরিবারের সদস্য তথা সুপারস্টার রজনীকান্ত এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সপরিবারে। ঘনিষ্ঠ বৃত্তের এই অনুষ্ঠানে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল।
দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। মাসখানেক আগে দুই পরিবারের পক্ষ থেকে দেশের বিশিষ্টজনদের বিয়ের আমন্ত্রণ জানানো হলে বিষয়টি প্রকাশ্যে আসে। গ্রিস থেকে ভারতে ফেরার পর আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
অনিরুদ্ধ ‘জেলার’, ‘লিও’, ‘কুলি’ এবং হিন্দিতে ‘জওয়ান’ সিনেমার মতো একাধিক জনপ্রিয় ছবিতে সুর দিয়েছেন। অন্যদিকে কাব্য মারান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের পরিচিত মুখ। গ্রিসে জমকালো অথচ গোপনীয় আয়োজনে তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু হল।