RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

মেয়েদের শাসনে রাখুন, কাশীপুরের ঘটনায় বিতর্কিত মন্তব্য বীরবাহার

কাশীপুরে নাবালিকা ধর্ষণকাণ্ডের পর বাবা-মায়েদের মেয়েদের শাসনে রাখার পরামর্শ দিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা।

পুরুলিয়ার কাশীপুরে নাবালিকা ধর্ষণকাণ্ডের পর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেত্রী বীরবাহা হাঁসদা। তিনি বাবা-মায়েদের পরামর্শ দেন ছেলেমেয়েদের, বিশেষ করে মেয়েদের শাসনে রাখতে। তিনি দাবি করেন, বর্তমান সরকার মেয়েদের নিরাপত্তা দিতে পারবে না।

কাশীপুরে দিন কয়েক আগে রাতে যাত্রা দেখতে গিয়ে এক নাবালিকা গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ প্রেমিক-সহ চারজনকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে। শুক্রবার কালীঘাটের নির্দেশে তৃণমূলের একটি প্রতিনিধি দল কাশীপুরে আসে। প্রতিনিধি দলে ছিলেন জয়গরের সাংসদ প্রতিমা মণ্ডল, বীরবাহা হাঁসদা এবং পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তাঁরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরবাহা হাঁসদা বলেন, শুধু ঝাড়গ্রামে গত সাড়ে পাঁচ মাসে ১৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আদিবাসী সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাবা-মায়েদের বাড়িতে ছেলেমেয়েদের শাসনে রাখা উচিত। তাঁর এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে।