বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
খান পরিবার আমার পরিবার, আরিয়ান প্রসঙ্গে মুখ খুললেন লারিসা
শাহরুখপুত্র আরিয়ান খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসি।
শাহরুখপুত্র আরিয়ান খানের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খান পরিবার তাঁর কাছে পরিবারের মতো। পাশাপাশি আরিয়ানের পরিশ্রম ও বুদ্ধিমত্তার প্রশংসাও করেছেন তিনি।
বলিউড মহলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন, ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান খান। যদিও এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি লারিসা কিংবা আরিয়ান। তবে বিভিন্ন পার্টি বা ইভেন্টে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে খান পরিবারের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছেন লারিসা।
তিনি জানান, খান পরিবার যা অর্জন করেছে তার জন্য তাঁর মনে গভীর শ্রদ্ধা রয়েছে। লারিসার কথায়, খান পরিবার তাঁর কাছে পরিবারের মতো। তাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন তিনি।
শাহরুখ খানের ছেলে হওয়ার সুবাদে আরিয়ান বিশেষ সুযোগ-সুবিধা পান কি না, এই প্রশ্নের জবাবে লারিসা জানান, আরিয়ান খুবই বুদ্ধিমান এবং দৃঢ়প্রতিজ্ঞ একজন মানুষ। অনেকেই মনে করেন তাঁর সবকিছু রয়েছে, কিন্তু তিনি নিজের লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করছেন। আরিয়ান অত্যন্ত জেদি এবং নিজের বিশ্বাসের জায়গায় অনড় বলেও দাবি করেছেন তিনি।
ভবিষ্যতে সুযোগ পেলে আরিয়ানের পরিচালনায় কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছেন লারিসা। প্রসঙ্গত, ষোলো বছর আগে ব্রাজিল থেকে মুম্বইয়ে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এই মডেল ও অভিনেত্রী।