RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

দলের প্রয়োজনে মানিয়ে নেন, রাহুলের ভূয়সী প্রশংসা কোচিং স্টাফের

কে এল রাহুলের বহুমুখী প্রতিভা ও শান্ত স্বভাবের প্রশংসা করে তাঁকে দলের বড় সম্পদ বলে দাবি করলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

নিউজিল্যান্ড সফর চলাকালীন ভারতীয় দলের ব্যাটার কে এল রাহুলের প্রশংসায় পঞ্চমুখ হলেন কোচিং স্টাফ। রাহুলের ব্যাটিং শৈলী এবং তাঁর শান্ত স্বভাবের কদর করে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন তিনি। লাল বলের ক্রিকেটে ওপেন করা হোক কিংবা সাদা বলের ক্রিকেটে মিডল অর্ডার বা ইনিংসের শেষ দিকে ব্যাট করা, সব জায়গাতেই সফল রাহুল।

সাংবাদিক বৈঠকে সীতাংশু বলেন, রাহুলের সবচেয়ে বড় সুবিধা হলো তাঁর বহুমুখী দক্ষতা। কোচিং স্টাফে যোগ দেওয়ার পর থেকে রাহুলের ব্যর্থতার উদাহরণ খুব কমই রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাহুলের অভিজ্ঞতা এবং মানসিকতা দলের জন্য অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেছেন ব্যাটিং কোচ।

সীতাংশুর কথায়, রাহুল কখনই নিজের উপর অতিরিক্ত চাপ নেন না। পরিস্থিতি বুঝে স্ট্রাইক রোটেট করার পাশাপাশি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকাতে পারেন তিনি। এমন একজন ক্রিকেটার যে কোনও দলের জন্যই মস্ত বড় সম্পদ।

সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টিবিঘ্নিত পরিস্থিতিতে ২৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন রাহুল। পাশাপাশি দুটি ক্যাচও নেন তিনি। ওই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গেম চেঞ্জার পুরস্কার পেয়েছিলেন রাহুল। ম্যাচ শেষে পুরস্কার হিসেবে পাওয়া সেই দামি স্মার্টফোনটি তিনি এক মাঠকর্মীকে উপহার দেন।