কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, কাজ শুরু শনিবার থেকে
টালার ক্ষতিগ্রস্ত মূল পাইপ মেরামতের কাজ শুরু করার জন্য পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা।
পলতা থেকে জল আসার টালার ক্ষতিগ্রস্ত ৭২ ইঞ্চি ব্যাসার্ধের মূল পাইপ মেরামত করতে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল কলকাতা পুরসভা। পুরকমিশনার স্মিতা পান্ডের উদ্যোগে তৈরি এই কমিটিতে রয়েছেন বিভাস মাইতি, মৈনাক মুখোপাধ্যায়, রিহান সান্যাল, গোকুল মন্ডল এবং সৌম্য ভট্টাচার্য। পূর্ব রেলের সঙ্গে আলোচনা করে অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে কমিটি জরুরি বৈঠকে বসে। সিদ্ধান্ত হয়েছে, আগামী শনিবার থেকে ব্রিটিশ আমলের ওই পাইপ মেরামতের কাজ শুরু হবে। চলতি মাসের ৯ তারিখে টালা জলের পাইপ ফেটে যাওয়ার ফলে উত্তর কলকাতায় বড় বিপর্যয় ঘটেছিল। রেললাইনের নিচে থাকা অংশটি বন্ধ রেখে আপাতত ৪৮ ইঞ্চি ব্যাসার্ধের বাইপাস পাইপ দিয়ে জল সরবরাহ করা হচ্ছে। তবে পুরসভা সূত্রে খবর, এই বিকল্প ব্যবস্থায় উত্তর কলকাতার কিছু ওয়ার্ডে পর্যাপ্ত জল মিলছে না। শতাব্দী প্রাচীন এই পাইপলাইন সংস্কার এবং শহরের জটিল জল সরবরাহ পরিকাঠামো নিয়ে উদ্বিগ্ন পুর ইঞ্জিনিয়াররা।