কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
কালীপুজোয় কলকাতায় বাজির দাপট, বিপৎসীমায় বায়ুর গুণমান সূচক
প্রশাসনের নিষেধাজ্ঞা এড়িয়ে কালীপুজোর রাতে যথেচ্ছ বাজি ফাটার ফলে কলকাতার বাতাসের গুণমান বিপজ্জনক স্তরে পৌঁছল।
প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে কালীপুজোর রাতে কলকাতায় যথেচ্ছ বাজি ফাটানোর অভিযোগ উঠল। যার জেরে শহরের বায়ুদূষণ চরম মাত্রা ছুঁয়েছে। শুক্রবার রাত থেকেই কলকাতা ও হাওড়ার বাতাস ভারী হতে শুরু করে। রবিবার সন্ধ্যায় শহরের বাতাসের গুণমান সূচক বা একিউআই দুইশোর ঘরে পৌঁছয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অবনতি ঘটে এবং রাত একটার সময় কলকাতার একিউআই পাঁচশোে র কাছাকাছি চলে যায়।
প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, কালীপুজোর রাতে বাতাসে পিএম ২.৫ কণার পরিমাণ প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রামে দাঁড়ায়। পাশাপাশি, পিএম ১০-এর মাত্রা পৌঁছায় ৩৫৪ মাইক্রোগ্রামে। ঘন ধোঁয়াশায় ঢেকে যায় গোটা শহর। গত বৃহস্পতিবার শহরের একিউআই সত্তর থেকে আশির মধ্যে ঘোরাফেরা করছিল।
দূষণের জেরে সবচেয়ে খারাপ অবস্থা তৈরি হয় উত্তর কলকাতায়। রাত দুটোর তথ্য অনুযায়ী, কাঁকুড়গাছিতে একিউআই ছশো ছাড়িয়ে যায়। মানিকতলা, বেনিয়াপুকুর, কাশীপুর, লেবুতলা এবং বিধাননগরেও দূষণের মাত্রা পাঁচশোর কাছাকাছি রেকর্ড করা হয়। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, লেক টেরেস, ভবানীপুর ও চেতলার বাতাসও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। তবে এতকিছুর পরেও দেশের সবচেয়ে দূষিত দশটি শহরের তালিকায় কলকাতা স্থান পায়নি বলে স্বস্তির খবর মিলেছে।