কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
কালীপুজোর রাতে কলকাতায় ধৃত ৩৪১, রায়গঞ্জে নাবালিকা খুনকাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার
কালীপুজোর রাতে কলকাতায় শব্দবাজি মামলায় ধৃত ৩৪১ জন। রায়গঞ্জে নাবালিকা খুনকাণ্ডে পুলিশের গুলিতে নিহত মূল অভিযুক্ত।
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানোর অভিযোগে কলকাতায় মোট ৩৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১৩১ কেজি শব্দবাজি। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে আটটা পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগে পঁচানব্বই জনকে এবং অভব্য আচরণের অভিযোগে দুশো ছচল্লিশ জনকে গ্রেফতার করা হয়। এই সময় ছ'লিটার মদও বাজেয়াপ্ত করা হয়।
অন্য একটি ঘটনায়, রায়গঞ্জে এক নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে মূল অভিযুক্ত দিলীপ রায় পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভোরের দিকে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্ত লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। সেখানে অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে আহত হয় দিলীপ। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর জঙ্গল থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো ধারা সহ গণধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছিল।
এদিকে, কলকাতার গড়িয়ায় এক যুবককে খুনের অভিযোগে তাঁর প্রেমিকা ও প্রেমিকার মাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাজি কিনে বাড়ি ফেরার সময় দুজনের মধ্যে অশান্তি বাধে। সেই সময় প্রেমিকের কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।