কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
কলকাতা পুরভোট মামলা, আজ শুনানি সুপ্রিম কোর্টে
কলকাতা পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি রয়েছে আজ সুপ্রিম কোর্টে।
কলকাতা পুরসভার ভোট কবে হবে, তা নিয়ে জল্পনার মধ্যেই আজ সর্বোচ্চ আদালতে মামলার শুনানি। হাইকোর্টের বিভিন্ন পর্যায় পেরিয়ে এই মামলা এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে। এই সংক্রান্ত জোড়া মামলার শুনানি হবে আজ সোমবার।
গত ১১ সেপ্টেম্বর রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে জানানো হয়, পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হচ্ছে। এই ওয়ার্ড পুনর্বিন্যাস বেআইনিভাবে করা হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস।
এর আগে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, এই মামলার শুনানির কারণে আপাতত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। অন্যদিকে, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে তৃণমূল কংগ্রেস। বর্তমান পরিস্থিতি অনুযায়ী চলতি বছরে ভোট হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে আদালতের রায়ের ওপরই সবকিছু নির্ভর করছে।