RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

মেট্রো স্টেশন ও রাস্তার নাম বদলের ভাবনা, বসল বিশেষ কমিটি

বিভ্রান্তি দূর করতে কলকাতার একাধিক মেট্রো স্টেশন ও রাস্তার নাম বদলের উদ্যোগ নিল রাজ্য সরকার গঠিত কমিটি।

কলকাতার একাধিক মেট্রো স্টেশন এবং রাস্তার নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকার গঠিত নামকরণ কমিটির প্রথম বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। শুক্রবার কলকাতা পুরসভায় এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

নামকরণ কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজের নেতৃত্বে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন তথাগত রায়, সঙ্ঘমিত্রা ঘোষ, সুব্রত গুপ্ত, স্মিতা পান্ডে ও সৌমিত্র মোহন সহ অন্যান্য সদস্যরা। বৈঠকের পর বিজেপি নেতা তথাগত রায় জানান, মেট্রো স্টেশনের বর্তমান নাম নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। স্টেশনের নাম সংশ্লিষ্ট এলাকার নামে হওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন তিনি। মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে বলে জানা গিয়েছে।

পাশাপাশি কলকাতার রাস্তা থেকে বিদেশি বা ভারতীয় সংস্কৃতির সঙ্গে যোগহীন নাম মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় লেনিন সরণি এবং হো চি মিন সরণি সহ মোট ১৬টি রাস্তার নাম বদল করা হতে পারে। নতুন নামকরণের ক্ষেত্রে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে। ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের অনুমোদনের পর চূড়ান্ত প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলে কমিটি সূত্রে খবর।