পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
দুর্যোগের জেরে রবিবার বাতিল রক্ষণাবেক্ষণ, স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী রবিবার ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের নির্ধারিত কাজ বাতিল করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পূর্বাভাসের কারণে আগামী রবিবার মেট্রো রেলের রক্ষণাবেক্ষণের কাজ বাতিল করা হয়েছে। ফলে ওই দিন ব্লু লাইনে সম্পূর্ণ রুটে নিয়মিত সময়সূচি অনুযায়ী মেট্রো চলাচল করবে। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২২ নভেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রাফিক ও সিগন্যাল ব্লকের কাজ চলবে। যার জেরে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত সংক্ষেপে মেট্রো চালানোর কথা ছিল। তবে মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ থাকার কথা ছিল ওই সময়টিতে।
কিন্তু বর্তমান আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা ব্লকের কাজ করা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। সেই কারণে আগামী রবিবার আর রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে না। ফলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পুরো রুটে সমস্ত স্টেশনেই আপ ও ডাউন লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তে যাত্রীরা স্বস্তি পেয়েছেন।