কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
১৩ ডিসেম্বর ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
আগামী ১৩ ডিসেম্বর দীর্ঘক্ষণ শহিদ ক্ষুদিরাম ও ময়দান স্টেশনের মাঝে মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানাল মেট্রো কর্তৃপক্ষ।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৩ ডিসেম্বর দীর্ঘক্ষণ ময়দান ও শহিদ ক্ষুদিরাম স্টেশনের মাঝে মেট্রো চলাচল বন্ধ থাকবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে পাওয়ার ব্লক নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু থাকবে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায় এবং ময়দান থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। তবে শহিদ ক্ষুদিরাম ও ময়দানের মাঝে কোনও মেট্রো চলবে না।
সন্ধ্যা ৬টার পর থেকে এই রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই আগের মতো ট্রেন পাওয়া যাবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তার স্বার্থেই এই রক্ষণাবেক্ষণের কাজ জরুরি।
ব্লু লাইনে এই আংশিক নিয়ন্ত্রণ থাকলেও ইয়েলো লাইন এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। এর আগে ১৫, ২২, ২৯ নভেম্বর এবং আগামী ৬ ডিসেম্বরও রক্ষণাবেক্ষণের কারণে এই রুটে আংশিক পরিষেবা রাখা হয়েছে।