কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
কলকাতা পুরসভায় ছবি ঘিরে বিতর্ক, ২৪ ঘণ্টার মধ্যে উধাও শ্যামাপ্রসাদ-সাভারকার
কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবে টাঙানোর চব্বিশ ঘণ্টার মধ্যে দেওয়াল থেকে সরিয়ে নেওয়া হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও সাভারকারের ছবি।
কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবে টাঙানোর একদিনের মধ্যেই উধাও হয়ে গেল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং বিনায়ক দামোদর সাভারকারের ছবি। মঙ্গলবার ছুটির দিনে পুরসভার ওই ক্লাবে আটজন মণীষীর ছবি বসানো হয়েছিল। যার মধ্যে সাভারকর ও শ্যামাপ্রসাদের ছবি থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়। তৃণমূলের পক্ষ থেকে এই ছবি বসানোর তীব্র বিরোধিতা করা হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, ছবিগুলি সরিয়ে বড় আকারে অন্য জায়গায় রাখা হবে। মঙ্গলবার রাস পূর্ণিমার ছুটির দিনে পুরসভা ফাঁকা থাকায় এই ছবিগুলি টাঙানো হয়েছিল। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই পুরসভায় তাঁর ছবি বসানোর কথা ঘোষণা করেছিলেন। তবে তালিকায় সাভারকরের নাম থাকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী পক্ষ। তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় দাবি করেন, কলকাতার সঙ্গে সাভারকরের কোনও যোগাযোগ নেই। অন্যদিকে বিজেপি বিধায়ক সজল ঘোষ জানান, ছবিগুলি স্থায়ীভাবে সরানো হচ্ছে না, বরং অন্য স্থানে নতুন করে বসানো হবে। পুরসচিবের পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে ছবিগুলি দেওয়াল থেকে নামিয়ে নেওয়ায় পুরসভার অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে।