RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতা পুরভোট মামলা, সোমবারে শুনানির সম্ভাবনা সুপ্রিম কোর্টে

কলকাতা পুরসভার নির্বাচন সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গে সোমবার শোনার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি।

কলকাতা পুরসভার নির্বাচন সংক্রান্ত মামলাগুলির শুনানি আগামী সোমবার হতে পারে দেশের প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতি সূর্য কান্ত মৌখিক ভাবে জানান যে এই সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গে তালিকাভুক্ত করা হবে। এর আগে কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে সিঙ্গল বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের তফসিল ঘোষণা করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মামলা দ্রুত শোনার আবেদনও জানানো হয়েছিল।

এই বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন হোক, সেটাই তাঁরা চান। তাঁর বক্তব্য, পুরসভাগুলিতে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে। বিরোধী দলগুলি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে তাঁর অভিযোগ।

অন্যদিকে, শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, দেশের সর্বোচ্চ আদালত বরাবরই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের পক্ষে রায় দিয়েছে। তাঁর দাবি, যাঁদের জনভিত্তি ও সাংগঠনিক শক্তি নেই, তাঁরাই ভোট প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছে।