RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নিউ মার্কেটে হোটেল অগ্নিকাণ্ডে চার্জশিট পেশ, নাম রয়েছে তিন অভিযুক্তের

নিউ মার্কেটের হোটেল অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে তিনশো পাতার চার্জশিট পেশ করল লালবাজারের বিশেষ তদন্তকারী দল।

নিউ মার্কেটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তকারী বিশেষ দল আদালতে চার্জশিট জমা দিল। বৃহস্পতিবার বিকেলে ব্যাঙ্কশাল আদালতে এই চার্জশিট পেশ করেন লালবাজারের গোয়েন্দারা। গত ১৯ আগস্ট ভোরে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলের তিনতলায় ওই আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় এক শিশু সহ মোট ন’জন মারা যান, যাঁদের মধ্যে সাতজন বাংলাদেশের নাগরিক ছিলেন। ঘটনার ৯০ দিনের মাথাতেই গোয়েন্দারা চার্জশিট দাখিল করলেন। প্রায় সাড়ে তিনশো পাতার এই নথিতে ৯০ জনের সাক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি ফরেনসিক রিপোর্টও জমা দিয়েছেন তদন্তকারীরা। হোটেলের মূল মালিক বীরেশ্বর মিত্র এবং লিজ নেওয়া ব্যবসায়ী আবু জাফর ও তাঁর স্ত্রী সাবা জাফরের নাম রয়েছে অভিযুক্তের তালিকায়।পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং ষড়যন্ত্রসহ একাধিক ধারা আনা হয়েছে। তদন্তে উঠে এসেছে, কোনও রকম নিয়ম না মেনে আবাসনটিকে হোটেলে রূপান্তরিত করা হয়েছিল। পুরসভা বা দমকলের কোনও অনুমতি ছাড়াই অবৈধভাবে চলছিল ওই ব্যবসা। ঘরগুলি ছোট করে সেখানে নিয়মবহর্ভূতভাবে একাধিক এসি বসানো হয়েছিল। এর ফলে অতিরিক্ত বিদ্যুৎ টানের কারণে শর্টসার্কিট হয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন।