পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর
হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার জেরে কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরকে সাসপেন্ড করেছে লালবাজার।
হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। সোমবার সকালে লালবাজার থেকে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম একলাখ আহমেদ। কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি কর্মী হয়ে সরকার ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই ধরনের মন্তব্য করার বিষয়টি তদন্ত করে দেখা হবে। সাসপেন্ড থাকার সময়ে ওই আধিকারিকের অর্ধেক বেতন কাটা হবে।
কলকাতা পুলিশের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে ওই ইনস্পেক্টরের বিরুদ্ধে। গ্রুপে এই নিয়ে বিতর্ক শুরু হলে তিনি নিজের মন্তব্য মুছে দেন এবং ক্ষমা চান। কিন্তু ততক্ষণে সেই পোস্টের স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। লালবাজারের নজর এড়ায়নি সেই ঘটনা। এর আগে সোশাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জেরে দুই ডিসির বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছিল লালবাজার। পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা আগেই সতর্ক করেছিলেন যে, সমাজমাধ্যমে পোস্ট করার সময় পুলিশকর্মীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করেই এবার শাস্তির মুখে পড়লেন এই পুলিশ আধিকারিক।