RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়েছে।

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত ইনস্পেক্টরের নাম ইকলাখ আহমেদ। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ আউটেপোস্টের দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রের খবর, সমাজমাধ্যম এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সরকার বিরোধী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে অবমাননাকর মন্তব্য ছড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সার্ভিস রুল ভঙ্গের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

সম্প্রতি রায়গঞ্জে এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, পুলিশকে আক্রমণ করতে এলে পুলিশও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। এই ঘটনার পর বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও এই বিষয়ে মন্তব্য করে জানান, পুলিশের দিকে গুলি চালালে পুলিশ পাল্টা পদক্ষেপ করবে এবং তাঁদের সরকার অপরাধীদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

রায়গঞ্জের ঘটনায় পুলিশ জানায়, কুলিকের জঙ্গল থেকে এক নাবালিকার দেহ উদ্ধারের পর দিলীপ রায় নামে এক অভিযুক্তকে চিহ্নিত করা হয়। পশ্চিমবঙ্গ-বিহার সীমানায় তল্লাশির সময় সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এরপর পুলিশের গুলিতে ওই অভিযুক্তের মৃত্যু হয়। অতীতেও রাজ্যজুড়ে একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।