RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

বাল্যবিবাহ প্রতিরোধে কড়া পদক্ষেপ, পুরোহিতদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ পুলিশের

শহরে বাল্যবিবাহ রুখতে আরও কঠোর হলো পুলিশ, প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবাহ পরিচালকদের বিরুদ্ধেও।

শহরে বাল্যবিবাহ বন্ধ করতে আরও কঠোর অবস্থান নিল পুলিশ। নাবালকদের বিয়েতে যুক্ত থাকার প্রমাণ মিললে এবার থেকে পুরোহিতদের বিরুদ্ধেও মামলা রুজু করা হতে পারে। প্রয়োজনে তাদের গ্রেপ্তারও করা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার লালবাজারে অনুষ্ঠিত এক অপরাধ দমন বৈঠকে সমস্ত থানার ওসি এবং শীর্ষ কর্তাদের এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো রূপ ছাড় দেওয়া হবে না বলে বার্তা দেওয়া হয়েছে।

লালবাজার সূত্রে খবর, শহরের প্রতিটি থানার অফিসারদের নিজ নিজ এলাকায় বিভিন্ন ধর্মের পুরোহিত ও বিবাহ পরিচালকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত আইন এবং তার আইনি পরিণতি সম্পর্কে তাদের ওয়াকিবহাল করতে বলা হয়েছে। এছাড়া বাল্যবিবাহপ্রবণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিট অফিসারদের নিয়মিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে। পাশাপাশি স্কুলগুলিতে সচেতনতামূলক কর্মসূচি চালানোর ওপর জোর দেওয়া হয়েছে।

এদিনের বৈঠকে শহরে সাইবার জালিয়াতি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। অনলাইন প্রতারণা এড়াতে সাধারণ মানুষকে সতর্ক করতে আরও বেশি করে বিট মিটিং করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। পাশাপাশি শহরের চুরি এবং অন্যান্য অপরাধের প্রবণতা খতিয়ে দেখে তা নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। অপরাধের ধরন বিশ্লেষণ করে সেই অনুযায়ী পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।