RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতার স্কুলে ছাত্রীকে অশ্লীল মেসেজ, শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ অভিভাবকদের

কলকাতার একটি নামী স্কুলের ছাত্রীকে গভীর রাতে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল স্কুল চত্বর।

কলকাতার একটি নামী স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে গভীর রাতে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠল এক বাংলার শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই স্কুলের অন্দরে ও বাইরে তীব্র উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার অভিযুক্ত শিক্ষক স্কুলে আসায় বিক্ষোভ দেখান অভিভাবকরা।

পুলিশ সূত্রে খবর, নিগৃহীতা ছাত্রী অষ্টম শ্রেণীতে পড়ে। দিন কয়েক আগে স্কুলেরই এক বাংলার শিক্ষক গভীর রাতে তাকে মেসেজ পাঠান বলে অভিযোগ। সেখানে তাকে অশ্লীল প্রস্তাব দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। এর পরেই স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

অভিভাবকদের দাবি, স্কুলের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু মঙ্গলবার সকালে সেই শিক্ষককে ফের স্কুল চত্বরে দেখা যায়। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুল চত্বরে শুরু হয় তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। উর্দিধারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে অনড় থাকেন অভিভাবকরা।