RASHTRIX 24X7 NEWS

প্রবাসী বাঙালি · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতায় প্রবাসী ভারতীয় সম্মেলন, পোর্টাল উদ্বোধন করে চ্যালেঞ্জ শুভেন্দুর

জানুয়ারি মাসে কলকাতায় হতে চলা ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলনের পোর্টাল উদ্বোধন করে অনুষ্ঠানকে সেরার সেরা করার চ্যালেঞ্জ নিলেন শুভেন্দু অধিকারী।

জানুয়ারি মাসে কলকাতায় হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলন। এই অনুষ্ঠান সফল করার পোর্টাল বুধবার উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। বঙ্গে এই প্রথমবার এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। পোর্টাল উদ্বোধনের পর এই আয়োজনকে দেশের মধ্যে সেরা করে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।

অনুষ্ঠানের পোর্টাল লঞ্চ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্র হল কথা কম, কাজ বেশি। সেই মন্ত্র মেনেই কাজ করে দেখাতে চান তাঁরা। দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও বিদেশ থেকে প্রবাসীরা এই সম্মেলনে যোগ দিতে কলকাতায় আসবেন। অতিথিরা ঘুরে যাওয়ার পর যেন তাঁদের অভিজ্ঞতা সেরা হয়, সেই লক্ষ্যেই কাজ চলছে।

দিল্লিতে গিয়ে এই পোর্টালের উদ্বোধন করেন তিনি। এরপর তিনি বলেন, বাংলায় এসে অতিথিরা দক্ষিণেশ্বর ও কালীঘাট ঘুরে দেখতে পারেন। কলকাতা হল স্বামী বিবেকানন্দের জন্মভূমি। বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বের যোগ রয়েছে। সংস্কৃতি, সাহিত্য ও প্রকৃতির দিক থেকেও বাংলা অত্যন্ত সমৃদ্ধ।

এই অনুষ্ঠান রাজ্যে আয়োজন করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অতীতে বাংলায় এই ধরনের অনুষ্ঠান না হওয়া প্রসঙ্গে তিনি আগের বাম ও তৃণমূল সরকারকে কটাক্ষ করেন। তিনি জানান, প্রায় ৪৯ বছর ধরে কেন্দ্র ও রাজ্যে একই সরকার না থাকায় সদিচ্ছার অভাব ছিল।