পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
জলকষ্ট কাটতে আরও দু'দিন, বিকল্প পাইপলাইন বসানোর কাজ শুরু পুরসভার
পাইপ ফেটে যাওয়ার কারণে উত্তর ও মধ্য কলকাতায় জলের সংকট আরও দু'দিন থাকতে পারে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।
সোমবার টালা ট্যাঙ্কের পাইপ ফেটে যাওয়ায় উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জলের সংকট তৈরি হয়েছে। বুধবারও এই সমস্যা বজায় রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে শুক্রবার বিকেল গ গড়িয়ে যেতে পারে।
বুধবার সকালে পলতা থেকে জল আসার মূল পাইপলাইন সম্পূর্ণ বন্ধ রাখা হয়। টালা ব্রিজের কাছে ক্ষতিগ্রস্ত অংশের বিকল্প হিসাবে একটি নতুন পাইপলাইন জুড়ে জল সরবরাহের চেষ্টা চলছে। পুরসভার কর্মীরা জানিয়েছেন, এলাকা জলমগ্ন থাকায় আসল ফাটল কোথায় রয়েছে তা দেখতে সমস্যা হচ্ছে। বিকল্প সংযোগ তৈরির কাজ শেষ হলে তবেই মূল পাইপলাইনের সারাইয়ের কাজ শুরু করা সম্ভব হবে।
এই কারণে বুধবার সকাল থেকে বেলগাছিয়া, বাগবাজার এবং পার্শ্ববর্তী অঞ্চলে জল সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবারও এই দুর্ভোগ চলবে বলে জানিয়েছে পুরসভা।
সংকট মেটাতে বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে বলে পুরসভার তরফে দাবি করা হয়েছে। হাসপাতালগুলিতেও গাড়ি করে জল পাঠানো হয়েছে। জরুরি প্রয়োজনের জন্য দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেক জায়গায় প্রয়োজনের তুলনায় কম জল মিলছে এবং ফোন করলেও সাহায্য পাওয়া যাচ্ছে না। ভাইফোঁটার ছুটির দিন এবং স্থানীয় কাউন্সিলর না থাকায় পরিস্থিতি সামাল দিতে আরও সমস্যা হচ্ছে বলে জানিয়েছে পুরপক্ষ।