RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা ললিত মোদির, প্রাক্তনকে বললেন প্রিয় বান্ধবী

অভিনেত্রী সুস্মিতা সেনের ৫১তম জন্মদিনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিল্পপতি ললিত মোদি।

অভিনেত্রী সুস্মিতা সেনের ৫১তম জন্মদিনে তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানালেন শিল্পপতি তথা প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি। সমাজমাধ্যমে দুজনে একটি সাদা-কালো ছবি পোস্ট করে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ললিত মোদি। সেখানে সুস্মিতাকে ‘প্রিয় বান্ধবী’ বলে সম্বোধন করেছেন তিনি। পাশাপাশি তাঁর ঠোঁটে আজীবন হাসি লেগে থাকার কামনাও করেছেন ললিত মোদি।

২০২২ সালে মালদ্বীপ থেকে ললিত মোদি এবং সুস্মিতা সেনের অত্যন্ত ঘনিষ্ঠ কিছু ছবি প্রকাশ্যে আসতেই তা সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই সময় তাঁদের সম্পর্ক নিয়ে দেশজুড়ে জল্পনা শুরু হয়। যদিও বর্তমানে তাঁরা দুজনেই আলাদা পথে হাঁটছেন। তবে অতীতে সুস্মিতার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের তীব্র প্রতিবাদ করেছিলেন ললিত মোদি।

গত জুন মাসে এক সাক্ষাৎকারে ললিত মোদি সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’ বা ‘ডায়মন্ড ডিগার’ বলার তীব্র প্রতিবাদ করেন। তিনি জানান, সুস্মিতা সম্পূর্ণ স্বাবলম্বী এবং তাঁর নিজের হিরের ব্যবসা রয়েছে। ললিতের দাবি, সুস্মিতা কখনও কারও উপর নির্ভরশীল ছিলেন না এবং তাঁর জন্য তিনি নিজে এক টাকাও খরচ করেননি। বরং উলটোটা হয়েছে বলেই জানিয়েছিলেন প্রাক্তন আইপিএল কর্তা।