বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
রামায়ণের সেটে মারাত্মক বিপদের মুখে, কবজি কাটার উপক্রম হয়েছিল লারা দত্তর
রামায়ণ ছবির শুটিং সেটে হাতের ভারী বালা খুলতে গিয়ে বড় বিপদের মুখে পড়েছিলেন কৈকেয়ী খ্যাত লারা দত্ত।
নীতীশ তিওয়ারি পরিচালিত বহুচর্চিত ছবি ‘রামায়ণ’-এর শুটিং সেটে মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী লারা দত্ত। ছবিতে কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি শুটিং সেটের পিছনের কিছু ছবি ও ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানেই উঠে এসেছে এক ভয়ংকর অভিজ্ঞতার কথা।
অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, শুটিংয়ের সময় তাঁর হাত থেকে একটি ভারী বালা খুলতে গিয়ে বিপত্তি ঘটে। হাত থেকে সেই গয়নাটি সরাতে রীতিমতো হিমশিম খেতে হয় মেকআপ ও প্রোডাকশন টিমের সদস্যদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত বালা কাটার জন্য হ্যাকসো ব্লেড ব্যবহার করতে হয়।
এই ভয়ংকর মুহূর্তের কথা জানিয়ে লারা লিখেছেন, চরিত্রের নেপথ্যে অনেক ঘটনাই ঘটে এবং সেই সময় তাঁর হাতের কবজি প্রায় কেটে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সমাজমাধ্যমে তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, এই মহাকাব্যের উপর ভিত্তি করে তৈরি সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই প্রবল উন্মাদনা দেখা গিয়েছে। ছবির পোস্টারে লারার রাজকীয় লুক ও অভিনয় প্রশংসিত হয়েছে।