RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

কুলগামে মসজিদে নিকেশ লস্কর কমান্ডার, আত্মসমর্পণের প্রস্তাব খারিজ করেছিল সে

জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনার অভিযানে নিহত হল লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাট।

জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হল লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাট। গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার অন্যতম চক্রী ছিল সে। বুধবার কুলগামের দেবসারের জাঙ্গলপোরা গ্রামে যৌথ অভিযান চালায় সেনা ও পুলিশ। নিরাপত্তাবাহিনীর দাবি, অভিযานের সময় গুলিবিদ্ধ হয়ে লতিফ একটি মসজিদে আশ্রয় নেয়।

উপাসনালয় অক্ষত রেখেই লস্কর জঙ্গিকে নিস্ক্রিয় করার চ্যালেঞ্জ নেয় বাহিনী। কুলগাম জেলার এসএসপি এনায়েত আলি এবং ৯ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার ভিডিও কলের মাধ্যমে লতিফের সঙ্গে যোগাযোগ করেন। তাকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় জঙ্গি।

এরপর মসজিদের ভিতরে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে নিরাপত্তাবাহিনী। বাইরে বেরিয়ে পালানোর সময় সেনার গুলিতে নিহত হয় লতিফ। পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্করে যোগ দেয় সে। একাধিক সন্ত্রাসী হামলায় তার হাত ছিল বলে জানিয়েছে পুলিশ।