ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
কুলগামে সেনার গুলিতে নিহত লস্কর কমান্ডার লতিফ ভাট, খারিজ করেছিল আত্মসমর্পণের প্রস্তাব
কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার মূল চক্রী লতিফ ভাটকে আত্মসমর্পণের সুযোগ দিলেও সে তা প্রত্যাখ্যান করে, এরপরই এনকাউন্টারে খতম হয় এই জঙ্গি।
জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হল লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাট। বুধবার সকালে কুলগামের জাঙ্গালগাম গ্রামের একটি মসজিদের ভেতর থেকে তার দেহ উদ্ধার করা হয়। গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফ কর্মীদের ওপর হামলার মূল পরিকল্পনাকারী ছিল এই জঙ্গি। ওই ঘটনায় তিন জওয়ান আহত হয়েছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে লতিফের পরিচয় নিশ্চিত করেছিল পুলিশ। এরপর থেকেই তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু হয়। গত সোমবার লতিফের সহযোগী নিসার দার সেনার গুলিতে নিহত হলেও লতিফ পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তাবাহিনী লতিফকে ঘিরে ফেলে। সেনার তরফে তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। ভিডিও কলের মাধ্যমে সেনাকর্তারা তাকে অস্ত্র সমর্পণের আর্জি জানালেও সে তা সরাসরি প্রত্যাখ্যান করে। লতিফ জানায়, সে লড়াই করেই মরতে চায়। এরপরই যৌথবাহিনী মসজিদের ভেতর কাঁদানে গ্যাস ছোড়ে। মসজিদ থেকে গুলি চালানো হলে নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ করে। এতেই লতিফের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, লতিফ ভাট উপত্যকায় লস্করের স্থানীয় কমান্ডার হিসেবে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী হামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ২৫ বছর বয়সী এই জঙ্গিকে ধরিয়ে দেওয়ার জন্য ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল প্রশাসন। লতিফের মৃত্যুতে উপত্যকায় লস্করের বড়সড় ক্ষতি হল বলে মনে করছে নিরাপত্তা মহল।