পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
কালীপুজোতেও বামেদের বুকস্টলে হামলা, হাবরা ও নৈহাটিতে ভাঙচুরের অভিযোগ
দুর্গাপুজোর পর কালীপুজোতেও রাজ্যের একাধিক জায়গায় বামেদের বুকস্টলে হামলার অভিযোগ উঠল, প্রতিরোধ গড়ে তুললেন কমরেডরা।
দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থী সংগঠনগুলির বুকস্টলে ভাঙচুরের অভিযোগ উঠল। দীপাবলির রাতে একাধিক জায়গায় স্টলে হামলা চালানো হয় বলে খবর। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। স্টল থেকে বই মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
উৎসবের মরসুমে জনসংযোগ বাড়াতে এবং প্রগতিশীল সাহিত্য প্রসারের লক্ষ্যে রাজ্যজুড়ে বুকস্টল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বামেরা। সেই পরিকল্পনা অনুযায়ী কালীপুজোতেও বইয়ের সম্ভার নিয়ে বসেন কর্মীরা। তবে উত্তর ২৪ পরগনার হাবরা খারো বাজার এবং নৈহাটিতে এসএফআইয়ের বুকস্টলে হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
হামলার খবর পেয়েই প্রতিরোধ গড়ে তোলেন তরুণ কমরেডরা। মাটিতে ছড়িয়ে পড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য এবং ম্যাক্সিম গোর্কির মতো লেখকদের বই তুলে পুনরায় স্টল সাজানো হয়। এর আগে দুর্গাপুজোতেও বামেদের বুকস্টলে হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় কলকাতার রাস্তায় বই হাতে মিছিল করেছিলেন সংস্কৃতিমনস্ক মানুষজন।
আলিমুদ্দিন স্ট্রিটের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুধুমাত্র বুকস্টল নয়, কমরেডরা কাঁধে বইয়ের ঝোলা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাবেন। কালীপুজোয় স্টলে হামলার পরেও বুকস্টল আরও প্রসারিত করার কথা বলা হয়েছে। বাংলার শিক্ষা ও সংস্কৃতি রক্ষার্থে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাম নেতারা।