RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

লাল ঝান্ডা দেখিয়ে শিল্প তাড়ানো হয়েছে, খড়গপুর আইআইটিতে মন্তব্য মোদির

লাল ঝান্ডা দেখিয়ে কোম্পানি তাড়ানো না হলে বহু আগেই দেশে চিপ তৈরি হত, খড়গপুর আইআইটিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লাল ঝান্ডা দেখিয়ে কোম্পানি তাড়ানো না হলে ৫০ বছর আগেই দেশে সেমি কন্ডাক্টর চিপ তৈরি হতে পারত। খড়গপুর আইআইটির একটি অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার আইআইটির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বামেদের তীব্র সমালোচনা করেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী জানান, বহু বছর আগেই সেমি কন্ডাক্টর চিপ তৈরির উদ্যোগ নিয়েছিল বেশ কিছু কোম্পানি। কিন্তু তাদের রাজ্যে কাজ করতে দেওয়া হয়নি। লাল ঝান্ডার ভয়ে সেই সংস্থাগুলি চলে যায় বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা করে মোদি বলেন, বিগত ৭৫ বছরে দেশ অনেক দূর এগিয়েছে। একসময়ের গরুর গাড়ি থেকে ভারত এখন বুলেট ট্রেনের যুগে প্রবেশ করেছে। তাঁর মতে, আগামী দিনে জাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক চিপ— সব কিছুই দেশের মাটিতে তৈরি হবে। ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ে তোলার ক্ষেত্রে খড়গপুর আইআইটি বিশেষ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ দিন আগে লালকেল্লা থেকে দারিদ্র্য দূরীকরণের ঘোষণা করা হলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ করেন তিনি। সেই নীতিগত সিদ্ধান্তগুলি ফাইলবন্দি হয়ে রয়েছে বলে তোপ দাগেন মোদি। তবে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরে তিনি জানান, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতেই কাজ করছে কেন্দ্র। শৌচাগার নির্মাণ থেকে শুরু করে উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের নতুন করে স্বপ্ন দেখার এবং নিজেদের সমস্ত সীমা অতিক্রম করার বার্তা দেন প্রধানমন্ত্রী।