RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

অমিতাভ বচ্চনের ‘জলসা’র মালিকানা নিয়ে আইনি লড়াই, জয়ার বিরুদ্ধে সরব রমলা বচ্চন

অমিতাভ বচ্চনের ভাই অজিতাভ বচ্চনের প্রাক্তন স্ত্রী রমলা বচ্চন জলসার মালিকানা নিয়ে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন।

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বিখ্যাত বাংলো ‘জলসা’র মালিকানা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। অমিতাভের ভাই অজিতাভ বচ্চনের প্রাক্তন স্ত্রী রমলা বচ্চন এই সম্পত্তির অধিকার দাবি করে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, জলসার মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তরের প্রক্রিয়াটি বেআইনি।

রমলা বচ্চনের দাবি, ১৯৯৩ সালে যে দানপত্রের মাধ্যমে এই বাংলো জয়া বচ্চনের নামে নথিভুক্ত করা হয়েছিল, তা ত্রুটিপূর্ণ। তাঁর অভিযোগ, সেই সময় কোনো স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি এবং নথিতে সাক্ষীদের স্বাক্ষরও ছিল না। রমলার আরও দাবি, মালিকানা পরিবর্তনের সময় তাঁর সম্মতি নেওয়া হয়নি এবং সরকারি নথিতে বেআইনিভাবে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। গত সাত মাস ধরে তিনি এই বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন।

বিষয়টি বর্তমানে আন্ধেরির কো-অপারেটিভ সোসাইটির ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে বিচারাধীন। ডেপুটি রেজিস্ট্রার ফৈয়াজ মুলানি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষদের বক্তব্য জমা দিতে বলা হয়েছে। ‘কপোল হাউজিং সোসাইটি’র নথিতে বাড়িটি জয়া বচ্চনের নামে থাকলেও, ‘প্রপার্টি কার্ড’-এ রমলা বচ্চনের নাম রয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ১৯৮২ সালে প্রযোজক এন সিপ্পির কাছ থেকে এই বাংলোটি পেয়েছিলেন অমিতাভ। সেই সময় বাড়িটির নাম ছিল ‘মনসা’। বর্তমানে জলসা অমিতাভ বচ্চনের অনুরাগীদের কাছে একটি পরিচিত ঠিকানা। সম্প্রতি এই বাংলোটি ওড়ানোর হুমকি পাওয়ার ঘটনার মাঝেই সম্পত্তির এই আইনি বিবাদ প্রকাশ্যে এল।