বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, বল এখন দিল্লির কোর্টে, দাবি বাংলাদেশের
বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদউজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর সমস্ত আইনি প্রক্রিয়া তাঁদের দিক থেকে শেষ হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সমস্ত আইনি পদক্ষেপ সম্পূর্ণ করেছে ঢাকা। বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদউজ্জামান জানিয়েছেন, এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন ভারতের।
শনিবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসাদউজ্জামান বলেন, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আইনসম্মত পথেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাঁর দাবি, এই বিষয়ে বাংলাদেশের তরফ থেকে প্রয়োজনীয় সমস্ত কাজ শেষ করা হয়েছে। তবে শেখ হাসিনাকে অন্য কোনও দেশে পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনও আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।
২০২৪ সালের অগাস্ট মাসে গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর থেকেই তাঁকে দেশে ফেরানোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে বিচার চালিয়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। অবশ্য এই সমস্ত অভিযোগ এবং বিচার প্রক্রিয়া আগেই খারিজ করে দিয়েছেন তিনি।
দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যর্পণের একটি আবেদন পাওয়া গিয়েছে। আইন মেনেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।