RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

কুলগামে ঘেরাও লস্কর জঙ্গি লতিফ, আত্মসমর্পণের নির্দেশ সেনার

জম্মু ও কাশ্মীরের কুলগামে যৌথবাহিনীর অভিযানে ঘেরাও লস্কর জঙ্গি লতিফ ভাট। ভিডিও কলে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও সে তা খারিজ করে দেয়।

জম্মু ও কাশ্মীরের কুলগামে যৌথবাহিনীর অভিযানে কোণঠাসা মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তইবা জঙ্গি লতিফ ভাট। গত ১১ নভেম্বর কুলগামে সেনা ক্যাম্পে হামলার মূল চক্রী এই লতিফ। ওই হামলায় তিন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন। ঘটনার পর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু করে ভারতীয় সেনা, সিআরপিএফ ও জম্মু ও কাশ্মীর পুলিশ।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গিয়েছে, সেনার চক্রব্যূহে বন্দি লতিফের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করা হয়। সেনার তরফে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও সে সেই প্রস্তাব খারিজ করে দেয়। উলটো সে জানায়, গুলিতে মৃত্যু হলেই তার বেশি খুশি লাগবে।

গত সোমবার কুলগামের লারু এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লতিফের সঙ্গী জঙ্গি নিসার দারের মৃত্যু হয়। তবে সেই সময় পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ। ওই অভিযানে সে আহত হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর থেকে কুলগামের বিভিন্ন এলাকায় নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এলাকা ঘিরে ফেললেও জঙ্গির সঠিক অবস্থান এখনও স্পষ্ট নয়। তাকে পাকড়াও করতে সবরকম চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।