RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নিউটাউনে উড়ালপুলের নিচে লাইব্রেরি, তৈরি হবে ক্রেশ ও ক্যাফেটেরিয়া

নিউটাউনের উড়ালপুলের নিচের ফাঁকা জায়গায় লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও ক্রেশ তৈরির পরিকল্পনা করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

নিউটাউনের উড়ালপুলের ফাঁকা জায়গা এবার অন্য রূপ পেতে চলেছে। সেখানে বইপড়ার বন্দোবস্তের পাশাপাশি ক্যাফেটেরিয়া এবং শিশুদের ক্রেশ চালুর পরিকল্পনা নিয়েছে প্রশাসন। সম্প্রতি নিউটাউনের এনকেডিএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই বৈঠকে এই নতুন ভাবনার কথা জানান তিনি।

অ্যাক্সিস মল এবং প্রাইড হোটেলের সংলগ্ন এলাকার উড়ালপুলের নিচের অংশকে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে ওই জায়গায় ডেলিভারি কর্মীদের বিশ্রামের জায়গা, খেলার বন্দোবস্ত এবং সোনাঝুরির হাটের মতো আয়োজন করা হয়েছিল। এবার সেখানে লাইব্রেরি চালুর কথা ভাবা হয়েছে। মন্ত্রীর বক্তব্য, বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এবং ব্যস্ত মানুষের সুবিধার্থে এই পদক্ষেপ করা হচ্ছে। কর্মব্যস্ততা শেষে মানুষ যাতে সেখানে কিছু সময় কাটাতে পারেন, সেই ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দুঃস্থ পড়ুয়ারাও সেখান থেকে সাহায্য পাবে।

দিনের বিভিন্ন সময়ে ওই জায়গার একাধিক ব্যবহার করা হতে পারে। প্রস্তাব অনুযায়ী, দুপুরে শিশুদের ক্রেশ হিসেবে ব্যবহৃত ঘরটিই আবার লাইব্রেরি হিসাবে খোলা হবে। সেখানে টেবিল টেনিস খেলারও বন্দোবস্ত রাখা হতে পারে। পাশাপাশি একটি ক্যাফেটেরিয়া চালুর পরিকল্পনাও রয়েছে।

এসবের পাশাপাশি এলাকার নিকাশি ব্যবস্থা উন্নত করতে জোর দেওয়া হয়েছে। বর্ষার জল জমার সমস্যা মেটাতে নালার পাশাপাশি গালিপিট পরিষ্কারের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। নিউটাউনের কয়েকটি বেহাল রাস্তা সারাইয়ের জন্যও কয়েক কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।