RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

গড়িয়ায় লিভ-ইন সঙ্গী খুন, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

তৃতীয় সম্পর্ক নিয়ে বচসার জেরে গড়িয়ায় খুন হন লিভ-ইন সঙ্গী, গ্রেপ্তার প্রেমিকা ও তাঁর মা।

কালীপুজোর রাতে গঙ্গার ধারে গড়িয়ার ফরতাবাদ এলাকায় লিভ-ইন সঙ্গীকে খুনের ঘটনায় সামনে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃতীয় সম্পর্ক নিয়ে বচসার জেরে খুন হন প্রেমিক সার্থক সরকার। এই ঘটনায় তাঁর প্রেমিকা সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের অনুমান, ঘটনার দিন মদ্যপানের সময় দু’জনের মধ্যে তৃতীয় পক্ষের সম্পর্ক নিয়ে বিবাদ শুরু হয়। সার্থকের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তোলেন সঞ্চালিকা। পালটা সার্থকও দাবি করেন, সঞ্চালিকারও অন্য সম্পর্ক রয়েছে। এই নিয়ে কথা কাটাকাটি চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তদন্তকারীদের দাবি, বচসার মাঝেই ধারালো অস্ত্র দিয়ে সার্থকের গলায় আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। চিৎকার শুনে মা মৌমিতা বসু বাঁচাতে আসেন বলে দাবি করা হলেও, তিনি ঘটনায় কতখানি যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। যে অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল, এখনও তা উদ্ধার করা যায়নি।

ঘটনার পর বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। নমুনা সংগ্রহ করতে খুব শীঘ্রই ফরেনসিক দল ঘটনাস্থলে যাবে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তৃতীয় কোনও ব্যক্তির যোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।