RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আইসিডিএস কেন্দ্রের খাবারে টিকটিকি, বাঁকুড়ায় অসুস্থ ১২ শিশু

বাঁকুড়ায় আইসিডিএস কেন্দ্রের মিড ডে মিলের খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠল। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় ১২ শিশু।

বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের ধবনি এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠল। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ১২ শিশু। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বড়শাল গ্রাম পঞ্চায়েতের ওই আইসিডিএস কেন্দ্রে ৫১ জন শিশু খাবার খেয়েছিল। খিচুড়ি খাওয়ার পরেই ১২ শিশুর শারীরিক অসুস্থতা দেখা দেয়। উদ্বিগ্ন অভিভাবকেরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।

গঙ্গাজলঘাটি ব্লক স্বাস্থ্য আধিকারিক শর্মিলা দাস চট্টোপাধ্যায় জানান, হাসপাতালে ১২ জন শিশুকে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনের চিকিৎসা চলছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খাবারের মান এবং আইসিডিএস কেন্দ্রের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকেরা। স্বাস্থ্যবিধি মেনে রান্না করা হয়েছিল কিনা, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।