RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

মন্দারমণিতে বেআইনি নির্মাণ রুখে দিলেন স্থানীয়রা, আটক ১১

মন্দারমণিতে সমুদ্রের কাছে বেআইনি নির্মাণের অভিযোগে ১১ জনকে আটক করল পুলিশ।

সমুদ্রের কাছে বেআইনিভাবে হোটেল তৈরির অভিযোগ উঠল মন্দারমণিতে। রাতের অন্ধকারে কংক্রিট বোঝাই গাড়ি ঢুকতে দেখে রুখে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। এই ঘটনায় মোট ১১ জনকে আটক করেছে পুলিশ।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, সমুদ্রের ধারে কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। এরমধ্যেই বুধবার গভীর রাতে মন্দারমণিতে একটি হোটেলে অবৈধভাবে নির্মাণ কাজ চলছিল বলে অভিযোগ। সৈকত থেকে একশো মিটারের মধ্যে এই কাজ চলছিল এবং এর কোনও অনুমোদন ছিল না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসী। মন্দারমণি থানার পুলিশ এসে ১১ জনকে আটক করে। এই বেআইনি নির্মাণের নেপথ্য কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর কড়া বার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল।