ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিদেশ যাত্রা নিয়ে জটিলতা, জারি লুক আউট নোটিস
পাসপোর্টের তথ্যে গরমিল থাকার অভিযোগে মুম্বই পুলিশ লুক আউট নোটিস জারি করেছে ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে।
ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিদেশ যাত্রা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে বিমানবন্দরে তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। পাসপোর্টে ত্রুটি থাকার কারণ দেখিয়েই তাঁকে আটকে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
দিল্লি হাই কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানিয়েছেন, গত ২৩ নভেম্বর মুম্বই পুলিশ সৌরভের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। পাসপোর্টের তথ্যে গরমিল থাকার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, ওই নথিতে জন্মস্থান, জন্ম তারিখ এবং বাবার নামের ক্ষেত্রে অসঙ্গতি বা তথ্যহীনতা রয়েছে। সরকারি নথিতে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া আইনত অপরাধ বলে গণ্য হয়।
এই ঘটনার জেরে ভবিষ্যতে সৌরভের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁকে নিজের অবস্থান স্পষ্ট করার সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, সৌরভের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে লুক আউট নোটিসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। ফলে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই করতে পারছেন না। কেন্দ্রও স্বীকার করেছে যে, সরাসরি সৌরভের কাছে কোনও নোটিস পাঠানো হয়নি। এই পরিস্থিতিতে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক ও মুম্বই পুলিশকে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট।