জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
ভাত খেয়েও ওজন কমানো সম্ভব, ডায়েটে রাখুন বিশেষ এই চাল
ওজন কমাতে চাইলে ভাত পুরোপুরি বন্ধ না করে পাতে রাখুন বাদামি চাল, পরামর্শ বিশেষজ্ঞদের।
ওজন কমানোর কথা ভাবলে অনেকেই খাবার তালিকা থেকে ভাত বাদ দিয়ে দেন। তবে পুষ্টিবিদদের একাংশ বলছেন, ভাত পুরোপুরি বন্ধ করার কোনো প্রয়োজন নেই। চালের ধরণ বদলালেই মিলতে পারে সুফল। সাদা ভাতের বদলে বাদামি রঙের চাল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিভিন্ন গবেষণায় ইঙ্গিত মিলেছে যে, এই বিশেষ চালে ফাইবারের পরিমাণ বেশ বেশি থাকে। ফাইবার হজম হতে সময় নেয়, যার ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে। বারবার খাওয়ার ইচ্ছেও নিয়ন্ত্রণে থাকে। এর জেরে শরীরে অতিরিক্ত ক্যালরি প্রবেশের সম্ভাবনা কমে, যা ওজন হ্রাসের ক্ষেত্রে বিশেষ উপযোগী।
সাদা চাল তৈরির সময় তার বাইরের পুষ্টিকর অংশটি ছেঁটে ফেলা হয়। কিন্তু বাদামি চালে সেই স্তরটি বজায় থাকে। ফলে এতে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি পাওয়া যায়। যা শরীরের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে।
তবে কেবল চাল পরিবর্তন করলেই ওজন কমবে এমনটা নয়। পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাওয়ার তালিকায় ডাল, শাকসবজি, স্যালাড এবং প্রোটিনজাত খাবার রাখা অত্যন্ত জরুরি। এছাড়া খাবার পরিমিত পরিমাণে খাওয়া এবং সঠিক জীবনযাত্রা বজায় রাখাও প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম ওজন নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।