RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঝড়ের আশঙ্কায় দক্ষিণবঙ্গ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এটি শক্তি বাড়িয়ে আগামী মঙ্গলবারের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যার প্রভাবে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবারের বুলেটিন অনুযায়ী দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এই নিম্নচাপটি। পোর্ট ব্লেয়ার থেকে এর দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটার এবং চেন্নাই থেকে ৮৬০ কিলোমিটার। অনুকূল আবহাওয়া ও সমুদ্রপৃষ্ঠের উষ্ণতার কারণে সিস্টেমটি আরও শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছেন আবহবিদরা।

এই ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর অর্থাৎ আগামী বুধবারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।