RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

দীপম উৎসবকে কেন্দ্র করে উত্তপ্ত মাদুরাই, পুলিশের সঙ্গে সংঘর্ষ হিন্দু সংগঠনের

কার্তিগাই দীপম উৎসবকে কেন্দ্র করে মাদুরাইতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

কার্তিগাই দীপম উৎসব ঘিরে উত্তপ্ত হল তামিলনাড়ুর মাদুরাই। তিরুপারানকুন্দ্রাম পাহাড়ের চূড়ায় প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল হিন্দুত্ববাদী সংগঠনগুলি। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় ৫ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল।

সম্প্রতি ওই পাহাড়ের চূড়ায় থাকা স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পাহাড়ি পথে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান দেন হিন্দু সংগঠন এবং স্থানীয় বিজেপি নেতারা। পুলিশ তাঁদের সরাতে গেলে সংঘাত বাঁধে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় ৭০টির বেশি সিসিটিভি ক্যামেরা ও বোম স্কোয়াড মোতায়েন করা হয়েছিল।

তামিলনাড়ু বিজেপির তরফে দাবি করা হয়েছে, দলের রাজ্য সভাপতি নাইনার নাগেন্দ্রান এবং প্রায় ৭৫০ জন নেতা-কর্মীকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এক্স হ্যান্ডলে এই অভিযোগ করেছেন বিজেপির আইটি ও সমাজমাধ্যম শাখার রাজ্য সম্পাদক শক্তিকৃষ্ণণ। তাঁর অভিযোগ, সরকার সাধারণ মানুষকে উপাসনায় বাধা দিচ্ছে।