বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
নাতনি রাহার জন্য শুটিং সেটে আলাদা ভ্যানিটি রুম, প্রশংসা মহেশের
মেয়ে রাহার জন্য শুটিং সেটে একটি আলাদা ভ্যানিটি রুমের ব্যবস্থা করেছেন আলিয়া ভাট, এমনটাই জানালেন মহেশ ভাট।
অভিনেত্রী আলিয়া ভাট ব্যক্তিগত জীবন এবং পেশাগত দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তাঁর বাবা তথা পরিচালক মহেশ ভাট। তিনি জানান, শুটিং সেটে একরত্তি মেয়ে রাহার জন্য একটি আলাদা ভ্যানিটি রুমের ব্যবস্থা রাখেন আলিয়া।
একটি বিজ্ঞাপনের শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে মহেশ জানান, সেই শুটিংয়ে আলিয়ার সঙ্গে অমিতাভ বচ্চনও ছিলেন। সেখানে তিনি দেখেন রাহার জন্য একটি আলাদা ভ্যানিটি রুম তৈরি করা হয়েছে। মহেশকে সেই ঘরে বসার আমন্ত্রণ জানালেও তিনি তা এড়িয়ে যান। তাঁর কথায়, ঘরটির পরিবেশ এতটাই পবিত্র ছিল যে তাঁর মনে হয়েছিল সেটি একটি নার্সারি স্কুল বা মন্দিরের মতো। সেখানে তাঁর মতো বয়স্ক মানুষের প্রবেশাধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
মাতৃত্ব এবং কেরিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের প্রশংসা করেছেন মহেশ ভাট। তিনি জানান, আলিয়া বিয়ের পরেও সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং মেয়েকে সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। সম্প্রতি মেয়েকে নিয়ে মিলানে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানেও গিয়েছিলেন অভিনেত্রী।