বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
হল নয়, ইউটিউবেই আসছে মৈনাক ভৌমিকের নতুন ছবি বিষণ্ণ
প্রেক্ষাগৃহের পরিবর্তে আগামী ১৩ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিকের পরিচালনায় নতুন বাংলা ছবি বিষণ্ণ।
বাঙালি দর্শকদের কাছে ছবি পৌঁছে দিতে ভিন্ন পথ নিলেন প্রযোজক প্রদীপ কুমার নন্দী। বড় পর্দার পরিবর্তে ইউটিউবে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিক পরিচালিত নতুন সিনেমা 'বিষণ্ণ'। আগামী ১৩ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বর্তমান সময়ে মানুষ মুঠোফোনে সিনেমা দেখতে বেশি পছন্দ করেন। এই অভ্যাসের কথা মাথায় রেখেই পরীক্ষামূলকভাবে ছবিটি ইউটিউবে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নন্দী মুভিজের কর্ণধার। পরিচালকের সম্মতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
প্রদীপ কুমার নন্দী জানান, ছবিতে পরিচিত ও বড় কোনও তারকার মুখ নেই। তাই সাধারণ দর্শক হয়তো হলে গিয়ে ছবিটি দেখতে চাইবেন না। কিন্তু ছবির বিষয়বস্তু সমাজের কাছে পৌঁছানো প্রয়োজন বলে মনে করছেন তিনি। মানুষের সচেতনতা বৃদ্ধিই তাঁদের প্রধান লক্ষ্য।