RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদল করা হল ৫০টি থানার আইসি

রাজ্যের বিভিন্ন পুলিশ জেলা ও কমিশনারেটের মোট ৫০টি থানার আইসি পদে রদবদল করল নবান্ন।

রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থায় বড়সড় রদবদল করল নবান্ন। রাজ্যের বিভিন্ন পুলিশ জেলা ও কমিশনারেটের অধীনে থাকা মোট ৫০টি থানার ইন্সপেক্টর ইন চার্জ বা আইসি পদমর্যাদার আধিকারিকদের বদলি করা হয়েছে। অবিলম্বে তাঁদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এই নির্দেশিকা পাঠানো হয়েছে আইজি, ডিআইজি এবং পুলিশ সুপারদের কাছে।

রাজ্য পুলিশের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর কমিশনারেটের বাগুইহাটি থানার নতুন আইসি হচ্ছেন কাজল বন্দ্যোপাধ্যায়। রানাঘাট থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন দেবাশিস সরকার। এছাড়া সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁকে স্পেশাল টাস্ক ফোর্সে বা এসটিএফে পাঠানো হয়েছে। কোচবিহার কোতোয়ালি থানার আইসি করা হয়েছে সুখময় চক্রবর্তীকে। রঘুনাথপুরের আইসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুব্রত মালাকার।

উত্তরবঙ্গের একাধিক থানাতেও বদল এসেছে। মিরিকের আইসি নয়ন চক্রবর্তীকে বসিরহাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে। বসিরহাটের আগের আইসি মহম্মদ ফিরোজ আলিকে বারাকপুর কমিশনারেটে বদলি করা হয়েছে। মিরিকের নতুন আইসি হয়েছেন ভূষণ ছেত্রী। রায়গঞ্জ থানার আইসি অমিতাভ দাসকেও বারাকপুর কমিশনারেটে পাঠানো হয়েছে। ইসলামপুরের আইসি পদে এসেছেন প্রসেনজিৎ বিশ্বাস।