RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

সোশ্যাল মিডিয়ায় অতিসক্রিয়তা, দলীয় কর্মীদের সতর্ক করলেন মমতা

সোশ্যাল মিডিয়ায় দলের অন্দরের খবর ফাঁস হওয়া নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের অতিসক্রিয় কর্মীদের ফের সতর্ক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে নিজের বাসভবনে একটি বৈঠকে তিনি এই সতর্কবার্তা দেন। মূলত সমাজমাধ্যমে অতি সক্রিয় কর্মীদের জন্যই তাঁর এই বার্তা বলে জানা গিয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনও ঘটনার প্রেক্ষিতে দলের বহু কর্মীই ফেসবুকের মতো বিভিন্ন সমাজমাধ্যমে সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠেন। বিরোধী শিবিরকে জবাব দিতে গিয়ে অনেক সময় দলের গোপন রণকৌশল বা ভিতরের কথা প্রকাশ্যে চলে আসে। এর ফলে দল রীতিমতো অস্বস্তিতে পড়ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন।

বৈঠকসূত্রের খবর, দলনেত্রী সাফ জানিয়েছেন, আত্মপ্রচার করতে গিয়ে কেউ যেন অন্য কর্মীদের বিপদের মুখে না ফেলেন। নির্ধারিত মুখপাত্র ছাড়া অনেকেই সমাজমাধ্যমে অতিরিক্ত সক্রিয় হচ্ছেন। এর জেরে দলের অন্দরের খবর বাইরে এবং পুলিশের কাছেও পৌঁছে যাচ্ছে। এতে দল ও কর্মীদের বিপদ বাড়ছে বলে মত তাঁর। এখন থেকেই এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে দলনেত্রীর এহেন নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের অন্দরের শৃঙ্খলা বজায় রাখতে এবং বিরোধীদের হাতে হাতিয়ার তুলে দেওয়া আটকাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।