পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বাঁকুড়ার ইন্দাসে মদ্যপানের টাকা না দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী
মদ্যপানের টাকা না দেওয়ায় স্ত্রীকে ধারালো কাস্তে দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
বাঁকুড়ার ইন্দাস ব্লকের বেতালগ্রামে এক গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম মনি রায় (৪০)। এই ঘটনায় অভিযুক্ত স্বামী তারক রায়কে গ্রেফতার করেছে ইন্দাস থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তারক রায় প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং স্ত্রীর সঙ্গে অশান্তি করতেন। অতীতেও মনি রায়ের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল সন্ধ্যায় মদ্যপানের জন্য স্ত্রীর কাছে টাকা চান তারক। মনি রায় টাকা দিতে অস্বীকার করলে দু'জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসার মাঝেই বাড়িতে থাকা একটি ধারালো কাস্তে দিয়ে স্ত্রীর বুকে আঘাত করেন তারক। গুরুতর জখম অবস্থায় মনি রায় মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তড়িঘড়ি তাঁকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। অভিযুক্ত তারক রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।