RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

মদের আসরে বচসা, বেলঘড়িয়ায় বন্ধুকে খুন করে গ্রেপ্তার অভিযুক্ত

কামারহাটির বেলঘরিয়ায় মদের আসরে বচসার জেরে বন্ধুকে খুনের অভিযোগ উঠল। রক্তমাখা পায়ের ছাপ অনুসরণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কামারহাটির বেলঘরিয়ায় মদের আসরে বচসার জেরে এক টোটোচালককে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সন্তোষ কর্মকার। এলাকার বাসিন্দা সুভাষ দাসের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। রবিবার রাতে দুজনে মিলে মদ্যপান করছিলেন। সেই সময় কোনো বিষয়ে তাঁদের মধ্যে অশান্তি বাধে। অভিযোগ, নেশার ঘোরে ইট দিয়ে থেঁতলে সন্তোষকে খুন করে সুভাষ। এরপর দেহ একটি নর্দমায় ফেলে সে বাড়ি ফিরে যায়।

পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা নর্দমায় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকারীদের নজরে পড়ে মাটিতে লেগে থাকা রক্তমাখা পায়ের ছাপ। সেই ছাপ অনুসরণ করেই সোজা অভিযুক্ত সুভাষের বাড়িতে পৌঁছান পুলিশকর্মীরা। প্রথমে তাঁকে আটক করা হয়। পরে ম্যারাথন জেরা করলে তিনি অপরাধের কথা স্বীকার করেন। এর পরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মদের আসরের বচসা না কি এর নেপথ্যে অন্য কোনো পুরনো শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধৃতকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।