ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন, গ্রেপ্তার স্বামী
বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন করে দেহ আখের খেত ফেলে দেওয়ার অভিযোগ উঠল পাঞ্জাবে। গ্রেপ্তার অভিযুক্ত স্বামী।
বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন করে আখের খেটে দেহ ফেলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পাঞ্জাবের হোশিয়ারিপুরে এই ঘটনা ঘটেছে। মৃত যুবতীর নাম রুবিনা খাতুন। অভিযুক্ত স্বামীর নাম জাহাদুর ইসলাম। দু’জনেই মালদহের বাসিন্দা এবং পাঞ্জাবে সাফাইকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে খবর, জাহাদুর সন্দেহ করতেন রুবিনার অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে। তা নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই অশান্তি হতো এবং অভিযুক্ত স্ত্রীকে মারধরও করতেন। ঘটনার দিন কয়েক আগে কাজ সেরে স্বামী-স্ত্রী একটি পুকুরের ধারে যান। সেখানে গামছা পেঁচিয়ে স্ত্রীকে খুন করা হয় বলে পুলিশের দাবি। খুনের পর স্ত্রীর দেহ বিবস্ত্র করে একটি আখের খেতের মধ্যে ফেলে দেওয়া হয়। ধর্ষণ ও খুনের ঘটনা হিসেবে সাজাতেই দেহ বিবস্ত্র করা হয়েছিল বলে অনুমান।
এরপর অভিযুক্ত জাহাদুর স্ত্রীর এক ভাইকে ফোন করে জানান যে রুবিনা নিখোঁজ রয়েছেন। বিহারের বাসিন্দা ওই ভাই বিষয়টি অন্যদের জানালে রুবিনার ভাইয়েরা পাঞ্জাবে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। জাহাদুরের কথায় অসঙ্গতি মেলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জেরার মুখে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন অভিযুক্ত।
পুলিশ আখখেত থেকে যুবতীর বিবস্ত্র দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।