RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

এইচআইভি আক্রান্ত হওয়ার কথা লুকিয়ে প্রেম, বাঁশদ্রোণীতে গ্রেপ্তার যুবক

বিয়ের আগে শারীরিক পরীক্ষার সময় এইচআইভি পজিটিভ হওয়ার বিষয়টি সামনে আসতেই বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।

বাঁশদ্রোণী থানা এলাকার এক যুবককে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবকের বিরুদ্ধে এইচআইভি আক্রান্ত হওয়ার বিষয়টি লুকিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁর বিরুদ্ধে প্রতারণা-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

অভিযোগকারিণী তরুণী পেশায় নার্স। তিনি জানিয়েছেন, বছর দুয়েক আগে সোশাল মিডিয়ায় ওই যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তরুণী বিয়ের প্রস্তাব দিলে যুবক নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছিলেন।

তরুণীর সন্দেহ হওয়ায় তিনি বিয়ের আগে শারীরিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। সেই পরীক্ষার রিপোর্ট থেকেই জানা যায়, যুবক এইচআইভি পজিটিভ। তরুণীর দাবি, নিজের শারীরিক অবস্থার কথা আগে থেকেই জানতেন ওই যুবক। এমনকি, একাধিক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলেও অভিযোগ। এই ঘটনার পর তরুণী বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ যুবককে গ্রেপ্তার করেছে।